উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করেছে।
আজ রোববার (১৫ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই যাত্রায় তার সঙ্গে থাকছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান পরীক্ষায় জটিলতা ধরা পড়লে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে আবারও তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা ওই পরীক্ষার ফল সন্তোষজনক বলে জানিয়েছেন। তবে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।