তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে মক্কায় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই হয়। সমঝোতাটির মূল কথা হলো, চুক্তিভুক্ত তিনটি দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আগ্রাসন চালানো হলে তা বাকি দুই দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উল্লেখ করেন, জোটটির কাঠামোগত ভিত্তি ন্যাটোর ‘আর্টিকেল ৫’-এর মতো যৌথ নিরাপত্তা নীতির আদলে তৈরি হলেও বিপদের সময় কে কী ধরণের সহায়তা পাঠাবে তা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। সহায়তার ধরন হিসেবে সামরিক সরঞ্জাম, লজিস্টিক সাপোর্ট, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা সরাসরি সেনা সদস্য পাঠানোর বিধান রাখা হয়েছে। একই সাথে এটি পরিচালনার জন্য সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় তৈরির পাশাপাশি সামরিক প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে উচ্চপর্যায়ের কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিদান আরও স্পষ্ট করেন যে, এই সামরিক জোট গঠনের প্রাথমিক কাজ প্রায় পৌনে তিন বছর আগে থেকে শুরু হয়েছিল। ফলে একে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার তাতক্ষণিক প্রতিক্রিয়া ভাবার সুযোগ নেই। এমনকি নিকট ভবিষ্যতে মিসরসহ আরও কিছু আঞ্চলিক দেশকে এর সঙ্গে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
তবে তুরস্কের এই আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না তেহরান। ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি কমিটির সদস্যরা একে একটি নিছক ‘কাগজে-কলমে সীমাবদ্ধ চুক্তি’ আখ্যা দিয়ে রিয়াদকে বাহ্যিক সুরক্ষার ওপর ভরসা না করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি এই চুক্তির নাম না নিলেও অঞ্চলের দেশগুলোকে নিজস্ব সামরিক শক্তির ওপর আস্থা রাখার আহ্বান জানান।