চায়ের রাজ্য মৌলভীবাজারে টানা বৃষ্টিপাতে ভিজছে পুরো চা–শিল্পাঞ্চল। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আলাদাভাবে ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এর আগে শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে রবিবার (২৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার এবং তার আগের ২৪ ঘণ্টায় (২৫ এপ্রিল) ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ফলে গত চার দিনে জেলায় মোট বৃষ্টিপাত দাঁড়িয়েছে ২৬৯ মিলিমিটার।
এদিকে ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।