মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ওপর হামলা এবং শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুর ৩টার দিকে মৌলভীবাজার শহরের ‘বেঙ্গল ফুড’ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বাধীন একটি পুলিশ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা হয়। এসব মামলার এজাহারভুক্ত আসামিদের একজন ছিলেন মবশ্বির আহমদ। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।