রাজধানীর মুগদা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি সাত টুকরা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডে শাহনাজ ভিলার সামনে একটি ভবনের বেজমেন্টের নিচ থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকালে সেগুলো পলিথিনে মোড়ানো এবং অর্ধগলিত অবস্থায় ছিল। তবে ঘটনাস্থলে মরদেহের মাথা পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়রা ওই স্থান থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি প্রথমে টের পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে।
এসআই আবু রায়হান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে দেহ সাত টুকরা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।