বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।

নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। এ সময় আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। চিকিৎসাধীন আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।