নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লারের টয়লেট থেকে নারী উদ্যোক্তা কামরুন নাহার ইতি (৩৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইতি তার স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। ইতি নিজেই পার্লারের মালিক ছিলেন।
ওসি আব্দুল হালিম বলেন,
“ইতি গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ দরজা ভেঙে টয়লেটে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।”
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তাই ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে না। ওসি আরও জানান,
“মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”