নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে সাবেক ছাত্রদল নেতা প্রাণ হারিয়েছেন।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘নাজ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। ওই সময় রুবেল রাস্তা পার হতে গেলে বাসটি তাকে সজোরে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে গাড়িটি ফেলে রেখে আত্মগোপন করে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের দেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দায়ী চালককে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে রুবেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।