নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো ১২ বছর বয়সী তামিম হোসেন ও ১৩ বছর বয়সী ফাহিম হোসেন। তারা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিন হোসেনের সন্তান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে দুই ভাই বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ সন্ধানের পর পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি চলছে।