সরকারের প্রথম ১৮০ দিনে অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ বেড়েছে এবং সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে নেমেছে—এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মূল্যায়নের কথা তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, বৈঠকে সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করেছেন জোটের নেতারা। তাঁর দাবি, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত বাজে, নিরাপত্তা নেই। আমরা বিগত সময়ে শুনেছি, বিশেষত নির্বাচনের আগে, যে নির্বাচিত সরকার আসলেই...অন্যভাবে বলতে গেলে বিএনপির সরকার আসলেই, দেশে আইন-শৃঙ্খলার পরিবেশ ঠিক হবে। কিন্তু তারা এখন পর্যন্ত এই ছয় মাসে আইন-শৃঙ্খলার পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি অন্তর্বর্তী সরকার অথবা বিপ্লব-পরবর্তী পরিস্থিতি থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে।’
লোডশেডিং নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট তীব্র হয়েছে এবং দেশের ইতিহাসে লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
নাহিদ ইসলাম বলেন, ‘জ্বালানি ও গ্যাস সংকটে প্রায় কয়েকশ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন। একদিকে তো চাঁদাবাজির একটা ভোগান্তি তাদের রয়েছে, অন্যদিকে এখন তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না। অন্যদিকে সার সংকট তৈরি হয়েছে, কৃষকেরা সার সংকটে ভুগছেন।’
সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার না করে নিজেদের ১৮০ দিনের সাফল্যের চিত্র তুলে ধরছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘যখন দেশের সার্বিক পরিস্থিতি এমন, সরকার সেগুলো স্বীকার না করে বরং ১৮০ দিনের একটা সাফল্যমণ্ডিত চিত্র দেখানোর চেষ্টা করছে, যা একেবারেই জনগণের সঙ্গে প্রতারণা। যে প্রতারণার রাজনীতি আমরা অতীতে আওয়ামী লীগকে করতে দেখেছি, এখন একই প্রতারণার রাজনীতি বিএনপি সরকার জনগণের সঙ্গে করছে। ১৮০ দিনের এই ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দলসহ জনগণের কাছে সহায়তা কামনা করা। সেটা তারা না করে মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে।’
সরকারের ব্যর্থতার শুরু গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশে এসে বলেছিলেন যে, তার একটা পরিকল্পনা রয়েছে—দেশকে তিনি স্থিতিশীল করতে পারবেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে, পুরো সরকারের ১৮০ দিন আসলে অব্যবস্থাপনায় ভরা।’
মাত্র ছয় মাসের মধ্যে মন্ত্রিপরিষদ পুনর্গঠন সরকারের পূর্বপরিকল্পনার ঘাটতিকে নির্দেশ করে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘মাত্র ছয় মাসে মন্ত্রিপরিষদ পুনর্গঠন মানে সরকারের পরিকল্পনা এবং হোমওয়ার্ক যথাযথ ছিল না। সরকারকে এই মন্ত্রিপরিষদ বারবার পরিবর্তন করতে হবে, কারণ বেশির ভাগ মন্ত্রীই তাদের কার্যক্রমে ব্যর্থ হবেন। এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নেই কীভাবে দেশ পরিচালনা করতে হয়, এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে।’
গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব পক্ষকে নিয়ে একটি জাতীয় নীতি প্রণয়নেরও দাবি জানান এনসিপির এই নেতা।
ভারতনীতি নিয়ে সমালোচনা
সরকারের পররাষ্ট্রনীতিকে ‘যথেষ্ট আত্মবিশ্বাসহীন’ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ভারত সফর নিয়ে সরকার জনগণকে স্পষ্ট কোনো বার্তা দিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকার ভারত সফর করবে কি করবে না, এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। গত ৫ আগস্ট দিল্লিতে আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য ভারত সরকারকে যথাযথ জবাবদিহির আওতায় আনতে এই সরকার ব্যর্থ হয়েছে।’
দিল্লিতে আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ দিয়ে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ১১ দল যেকোনো দেশের সঙ্গে মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বলে জানান নাহিদ।
বাংলাদেশ-ভারতের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানান তিনি। এর মধ্যে গঙ্গা চুক্তি, অন্যান্য নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো বিষয়গুলো উল্লেখ করেন তিনি।
নাহিদ আরও বলেন, আওয়ামী লীগ ইস্যুর সুরাহা, শেখ হাসিনার বিচার এবং ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দেশের জন্য কল্যাণকর হবে না বলে মনে করছে ১১ দলীয় জোট।
৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ
বৈঠকে ১১ দলের ঘোষিত লংমার্চ কর্মসূচিই মূল আলোচ্য ছিল বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, লংমার্চ একটি গণতান্ত্রিক কর্মসূচি। এতে রাজনৈতিক বা প্রশাসনিক বাধা এলে তা গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করে কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে চারটি বিভাগ অভিমুখে ১১ দলের লংমার্চ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ যাবে। ৩১ অক্টোবর খুলনা, কুষ্টিয়া হয়ে যশোর এবং ২১ নভেম্বর রেলপথে সিলেট অভিমুখে লংমার্চ করবে ১১ দল।