বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুনে বাজারের একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুনে বাজারের একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার শেষ রাতে আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ী বকুল শেখের মালিকানাধীন সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের দোকান থেকে প্রথম আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে বাজারের মসজিদের মাইক থেকে সাহায্য চেয়ে ঘোষণা দেওয়া হলে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা দ্রুত সমবেত হয়ে আগুন নেভানোর কাজে হাত দেন। সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল শেখ আক্ষেপ করে জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়্যার দোকান আগুনে পুড়ে অন্তত ১০ লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। অন্যদিকে, একতা ফার্নিচারের স্বত্বাধিকারী ফারুক বিশ্বাস জানান, তার দুটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩ লাখ টাকার আর্থিক লোকসান হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সোহাগউজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং দুটি ফার্নিচার দোকান আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় জনতা ও দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নেভানো সম্ভব হওয়ায় বাজারের অসংখ্য দোকান বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।