শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ নেইমারকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, নেইমারের মতো একজন ফুটবলারের বিশ্বকাপে অংশ নেওয়া পুরো ফুটবল বিশ্বের জন্যই ইতিবাচক বার্তা বহন করে।

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ নেইমারকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে উল্লেখ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, নেইমারের মতো একজন ফুটবলারের বিশ্বকাপে অংশ নেওয়া পুরো ফুটবল বিশ্বের জন্যই ইতিবাচক বার্তা বহন করে।

সম্প্রতি ‘লো দেল পোলো শো’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপ সবসময়ই সেরা ফুটবলারদের মঞ্চ, আর নেইমার সেই তালিকারই একজন। তিনি জানান, বর্তমানে নেইমারের পরিস্থিতি যেমনই হোক না কেন, তাকে বিশ্বকাপে দেখতে পারাটা হবে দারুণ এক বিষয়—শুধু ব্রাজিলের জন্য নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যও।

মেসি স্বীকার করেন, নেইমারকে নিয়ে নিরপেক্ষভাবে মন্তব্য করা তার জন্য কঠিন। কারণ মাঠের সম্পর্কের বাইরেও তাদের বন্ধুত্ব অনেক গভীর। মেসির ভাষায়, নেইমার শুধু অসাধারণ ফুটবলারই নন, ব্যক্তিগত জীবনেও দারুণ একজন মানুষ এবং তিনি সবসময় ভালো কিছুরই প্রাপ্য।

বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলার সময়ই তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় চার মৌসুম এবং ফরাসি ক্লাব পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলেছেন তারা।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে। অন্যদিকে নেইমার পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে ইনজুরির কারণে সৌদি অধ্যায়টা সুখকর হয়নি তার জন্য। পরে তিনি ফিরে যান শৈশবের ক্লাব সান্তোসে।

নেইমারের ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেছেন মেসি। তিনি বলেন, নেইমার খুবই প্রাণবন্ত ও স্বাভাবিক জীবনযাপন করেন। নিজের মতো করে জীবন উপভোগ করেন এবং অন্যের সমালোচনায় খুব বেশি গুরুত্ব দেন না।

এদিকে, আগামী বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে জাতীয় দলে জায়গা পেতে পারেন এই ফরোয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার। এরপর গুরুতর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।