বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

‘নিজেদের জীবন ও নিরাপত্তার খাতিরে’ ইরানের বিশ্বকাপে আসা উচিত হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিলে ইরানের ফুটবলারদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘নিজেদের জীবন ও নিরাপত্তার খাতিরে’ ইরানের বিশ্বকাপে আসা উচিত হবে না: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিলে ইরানের ফুটবলারদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই আশঙ্কার কথা জানান। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মাত্র কয়েক দিন আগেই ফিফা প্রধানের কাছে তিনি ইরানি দলকে স্বাগত জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তাত্ত্বিকভাবে ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে দলটির এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সমীচীন হবে না। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই আসন্ন গ্রীষ্মকালীন এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে ইনফান্তিনো জানিয়েছিলেন যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চললেও ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে খেলার জন্য আমন্ত্রিত থাকবেন। তবে বৃহস্পতিবার ট্রাম্পের নতুন এই অবস্থান আগের দেওয়া সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে।

অন্যদিকে, এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইরানের নারী ফুটবলারদের বিষয়েও মুখ খুলেছেন ট্রাম্প। জাতীয় সংগীত না গাওয়ায় দেশে ফিরলে শাস্তির সম্মুখীন হতে পারেন এমন আশঙ্কায় থাকা নারী খেলোয়াড়দের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের এই আহ্বানের পর অস্ট্রেলিয়া সরকার ইতোমধ্যে পাঁচজন ইরানি নারী ফুটবলারকে মানবিক আশ্রয়ের অনুমতি দিয়েছে।