নির্বাচনের ঠিক আগের ভোরে নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোলবোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোমা ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আক্কেলপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি দোকানের সামনে সন্দেহজনক একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। বিষয়টি সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বোমাগুলো নিরাপদ স্থানে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।
এলাকাবাসীর মধ্যে আতঙ্কের কথা জানিয়ে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “এলাকায় স্কুল, বাজার আর বসতবাড়ি কাছাকাছি। বিস্ফোরণ হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কাল ভোট, আজ বোমা উদ্ধার—ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।”
জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, উদ্ধার করা পেট্রোলবোমাগুলো সক্রিয় অবস্থায় ছিল। তিনি বলেন, “দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য নাশকতা এড়ানো গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।