নড়াইলের লোহাগড়া উপজেলার চাঞ্চল্যকর যুবদল নেতা সালমান খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে আটক করা হয়। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আশিক গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৮ মে রাতে লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর তীরে বন্ধুদের সঙ্গে বনভোজনের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন সালমান। রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হলেও এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত চলাকালীন এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ডব গ্রামে অভিযান চালিয়ে ভাড়াটে খুনি আশিককে গ্রেফতার করতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্য কারণ ও জড়িতদের বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।