দেশ ছাড়ার চেষ্টাকালে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে আমরা শাওনকে আটকের তথ্য পেয়েছি। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানায়, শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণ ও হত্যাসহ ছয়টি মামলায় তিনি অভিযুক্ত।
এদিকে শাওনের ভাই ইমরান মাহমুদ দাবি করেন, “পারিবারিক ব্যবসার কাজে আমার ভাই আজ সকালে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি আমরা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে জানতে পেরেছি।” তিনি তার ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবি জানান।