শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নতুন আতঙ্ক হান্টাভাইরাস: বাড়ছে আক্রান্ত, মৃত্যুও সংখ্যা ৩

করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে প্রাণঘাতী হান্টাভাইরাস।

নতুন আতঙ্ক হান্টাভাইরাস: বাড়ছে আক্রান্ত, মৃত্যুও সংখ্যা ৩
ছবি : সংগৃহীত

করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে প্রাণঘাতী হান্টাভাইরাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি প্রমোদতরীতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমে বাড়ছে।

কেপ ভার্দে উপকূলের কাছে অবস্থানরত এমভি হন্ডিয়াস নামের একটি জাহাজে এই ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জাহাজটি থেকে ইতোমধ্যে তিন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে বর্তমানে প্রায় ১৫০ জন যাত্রী অবস্থান করছেন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে জাহাজটি তেনেরিফে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া এক সংবাদ সম্মেলনে জানান, বন্দরে পৌঁছানোর পর যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে। বিদেশি যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানো হলেও স্প্যানিশ নাগরিকদের মাদ্রিদের একটি সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বা কোয়ারেনটাইনে রাখা হবে। উল্লেখ্য যে, এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল ৪৫ দিন পর্যন্ত হতে পারে।

এখন পর্যন্ত এই ভাইরাসের ছোবলে এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিক প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ল্যাব পরীক্ষায় তিনজনের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আরও অন্তত আটজন আক্রান্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন সুইস নাগরিক বর্তমানে জুরিখে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জাহাজ থেকে সরিয়ে নেওয়া আরও তিন যাত্রীকে ইউরোপের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হান্টাভাইরাসের এই নির্দিষ্ট ধরনটি মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম, যদিও এই প্রক্রিয়াটি অত্যন্ত বিরল এবং শুধুমাত্র খুব ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেই ঘটে থাকে। ওশেনওয়াইড এক্সপেডিশনস পরিচালিত এই জাহাজটি মূলত বিশ্বের দুর্গম এলাকাগুলো ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তবে সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে কর্তৃপক্ষ নিরাপত্তার খাতিরে যাত্রীদের তীরে নামার অনুমতি দেয়নি। বর্তমানে জাহাজটির যাত্রীদের স্বাস্থ্যগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো।