ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই শনিবার (১৪ মার্চ) তিনি এ তথ্য দেন।
রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, আগামী ১২ আগস্ট তেহরানে ক্যাস্পিয়ান সাগর সম্পর্কিত একটি শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই সম্মেলনেই দুই দেশের শীর্ষ নেতার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তবে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এটিই হবে মোজতবা খামেনির প্রথম বৈঠক।
ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী পাঁচটি দেশের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক প্ল্যাটফর্ম। সম্মেলনটি ইরানের রাজধানী তেহরানে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘আমরা কাসপিয়ান সম্মেলনের জন্য একটি তারিখ নির্ধারণ করেছি। এটি এই বছর তেহরানে অনুষ্ঠিত হবে। যদি সম্মেলনটি হয়, আমি মনে করি, সাধারণত যেভাবে হয়ে থাকে, বৈঠকগুলোও সেখানেই অনুষ্ঠিত হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নেতৃত্বের পরিবর্তন ঘটে। ওই ঘটনার নয় দিন পর, ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।
সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো জাতির উদ্দেশে বিবৃতি দেন মোজতবা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিভিন্ন নির্দেশনাও দেন।
এদিকে শনিবার ইরান–সংঘাত ১৫তম দিনে গড়িয়েছে। ইরানের খার্গ দ্বীপে গত রাতে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ওই ঘটনার পর দেশটিতে ইসরাইলি বিমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৩ জনে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।