আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই সীমাবদ্ধ ছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি। তবে এবার নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনছেন তিনি। আন্তর্জাতিকের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নেওয়া এই ক্রিকেটার আবার ফিরছেন দেশের ঘরোয়া প্রতিযোগিতায়।
সাম্প্রতিক কয়েক মাস ছিল মঈনের জন্য ব্যস্ত সময়। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। আবু ধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত দেখা গেছে তাকে। এবার সেই ধারাবাহিকতায় যোগ হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মঞ্চও।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ঐতিহ্যবাহী দল ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন আলি। আসন্ন মৌসুমে দলটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নামবেন তিনি। পাশাপাশি দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামেও নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। ফলে এই প্রতিযোগিতাতেও তাকে আবার দেখা যেতে পারে।
নতুন চুক্তি প্রসঙ্গে মঈন আলি বলেন, 'হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সবসময়ই ভালোবাসি আমি। এখানকার উইকেট, আবহ, সমর্থকেরা, সব মিলিয়ে জায়গাটিকে বিশেষ করে তোলে।'
নিজের প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী এই অলরাউন্ডার আরও বলেন, 'আমার জন্য এটি তরতাজা এক চ্যালেঞ্জ এবং ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই, নিজের ক্রিকেট উপভোগ করতে চাই, ইয়র্কশায়ারকে সহায়তা করতে চাই।'
ঘরোয়া ক্রিকেটে মঈনের এই প্রত্যাবর্তন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।