ঢাকার পরিবেশ, নগর ব্যবস্থাপনা ও সেবা খাতে ভয়াবহ অব্যবস্থাপনার কারণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজধানীকে কার্যত পিছিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি দাবি করেন, বিগত ১৮ মাসে ঢাকা শহরের অগ্রগতি থমকে গিয়ে উল্টো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
রোববার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আবদুস সালাম বলেন, “বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ১২টা বাজিয়ে গেছে।” তিনি আরও অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের মধ্যেই একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি; বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তার ভাষায়, “তারা এই ১৮ মাসে আমার ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে।”
তিনি বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং কার্যকর উদ্যোগের ঘাটতির কারণে রাজধানীতে ট্রাফিক জট, হকার সমস্যা, বায়ুদূষণ এবং নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুধু বক্তব্য নয়, বাস্তবভিত্তিক কাজের মাধ্যমে সমস্যার সমাধানের ওপর তিনি জোর দেন।
তিনি আরও মন্তব্য করেন, কাজ করা কঠিন হলেও নেতৃত্বের মাধ্যমে তা সম্ভব হয় এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী কঠিন বিষয়গুলো সহজভাবে মোকাবিলা করে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছেন বলে তিনি উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটে পড়তে পারে বলে সতর্ক করে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বায়ুদূষণ ও শব্দদূষণ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, এসব সমস্যার জন্য শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদের অসচেতন আচরণও অনেকাংশে দায়ী। জনগণ যদি দায়িত্বশীল হতো, তাহলে অনেক সমস্যা স্বাভাবিকভাবেই কমে যেত।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি ১৫ দিনব্যাপী বিশেষ জরিপ কার্যক্রম চালু করেছে জানিয়ে তিনি বলেন, কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা সম্ভাব্য ঝুঁকির জায়গা রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি একটি পশু হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পাশে ভাঙা টেলিভিশনের কভার ও পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, নিজেদের বাসায় ‘মশার ফ্যাক্টরি’ তৈরি করে পরে সিটি করপোরেশনকে দোষ দেওয়া যাবে না। তার মতে, জনগণ সচেতন হলে দুই বছরের মধ্যেই ঢাকার চিত্র পরিবর্তন সম্ভব, অন্যথায় ২৫ বছরেও তা সম্ভব হবে না।
বর্ষাকালে সড়ক খোঁড়াখুঁড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় একই রাস্তা বারবার খোঁড়া হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে, যেখানে টেলিফোন, ইন্টারনেট ও কেবল লাইনের মতো সেবাগুলো ভূগর্ভে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি পুরো ঢাকা শহরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকার খাল ও জলপথ ভরাট প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক জলপ্রবাহ নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্তত ১৫ থেকে ২০টি আউটলেটের মাধ্যমে পানি শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় যাওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি। ফলে নিউমার্কেটের মতো নিচু এলাকাগুলোতে দ্রুত জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে পুরান ঢাকাসহ বহু আবাসিক এলাকা এখন বাণিজ্যিক অঞ্চলে পরিণত হয়েছে। যেখানে ১৫ থেকে ২০ লাখ মানুষের থাকার কথা, সেখানে বর্তমানে কোটি মানুষ গাদাগাদি করে বসবাস করছে। এতে হকার সমস্যা, যানজট এবং নগর দুর্ভোগ আরও তীব্র হয়েছে। একই সঙ্গে ভূমিদস্যুদের দখলে নদী, খাল ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, নদীপথ ও রেলপথ উন্নত করা গেলে সড়কের চাপ এবং পরিবেশ দূষণ—উভয়ই উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।