শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা সিনেমাগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিটি।

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
‘রইদ’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা সিনেমাগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিটি।

এবার জমা দেওয়া সিনেমাগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।

সিনেমাগুলোর মূল্যায়ন ও চূড়ান্ত বাছাইয়ের দায়িত্বে রয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারপারসন করে গঠিত সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি। ইতোমধ্যে কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি সিনেমা দেখবেন এবং সেগুলো পর্যালোচনা করবেন। পরে সদস্যদের যৌথ আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে একটি সিনেমা বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য নির্বাচন করা হবে।

সব ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।