মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পাকিস্তান ও সৌদি আরবের বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যুক্ত হতে আগ্রহী—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এতে তিন দেশকে নিয়ে একটি নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং নিকট ভবিষ্যতেই সমঝোতা চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্কের কৌশলগত স্বার্থ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ক্রমেই কাছাকাছি আসছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় আঙ্কারা নিজস্ব নিরাপত্তা বলয় জোরদারে মনোযোগী হচ্ছে।
সম্ভাব্য এই জোটে সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি একত্রিত হতে পারে। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, এমন উদ্যোগ ইরান, ইসরায়েল, ভারত ও আফগানিস্তানের জন্য নতুন কৌশলগত উদ্বেগের জন্ম দিতে পারে।
এ বিষয়ে এখনো পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।