বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বুধবার রাতে আঘাত হানা ভয়াবহ বজ্রঝড় ও ভারি বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রাণহানির বড় একটি অংশ ঘটেছে একটি জরাজীর্ণ স্থাপনার ছাদ ধসে পড়ার ঘটনায়, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩ জন। মূলত বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা ওই পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছিলেন।

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বুধবার রাতে আঘাত হানা ভয়াবহ বজ্রঝড় ও ভারি বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রাণহানির বড় একটি অংশ ঘটেছে একটি জরাজীর্ণ স্থাপনার ছাদ ধসে পড়ার ঘটনায়, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩ জন। মূলত বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা ওই পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রশাসনের বরাতে জানা গেছে, শহরের বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায় একটি জরাজীর্ণ ভবনের দেয়াল ধসে এই বড় দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করে করাচি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই ভবনের ভেতর আশ্রয় নিয়েছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সাথে সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শহরটির অন্যান্য এলাকা থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। লান্ধির মজিদ কলোনিতে দেয়াল ধসে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া কোরঙ্গী এলাকায় ছাদ ধসে এক নারী এবং গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির প্রাণহানি ঘটে। ক্লিফটন এলাকায় গাছ পড়ে এক নারী নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়েছেন। অন্যদিকে, মালির নদীর নিকটবর্তী ইয়ারু গোঠ এলাকায় বজ্রপাতের আঘাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।