নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করতে ঢাকাসহ তিন শহরে চালু হওয়া বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’কে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে ভারী যানবাহন চালানোর দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।
একই সঙ্গে অতীতে বিভিন্ন উদ্যোগ চালুর পর সেগুলো বন্ধ হয়ে যাওয়ার নজির উল্লেখ করে নতুন এই বাস সার্ভিসও যেন একই পরিণতির শিকার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা নিরাপদ বলে মনে করেন। তবে ভারী যানবাহন চালানোর দায়িত্ব নারীদের দেওয়ার ক্ষেত্রে বিষয়টি আরও বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নারীদের জন্য আলাদা পরিবহন সার্ভিসকে আমরা তাদের জন্য নিরাপদ মনে করি। তবে ভারী গাড়ি চালানোর মতো দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করি। কারণ, এত বড় গাড়ি চালানো (ঝুঁকিপূর্ণ) নারীদের পক্ষে কতটা উপযুক্ত হবে, সে বিষয় নিয়ে আমাদের কানসার্ন আছে।’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন শহরের ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাসগুলোতে ই-টিকিটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিংয়ের সুবিধা রাখা হয়েছে।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, এসব বাস নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালনা করা হবে।