বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে দুবাইভিত্তিক আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ঈসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে হওয়া ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয়। চুক্তির আওতায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারত্বের ফলে টার্মিনালটির আধুনিকায়ন ও পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতাও উন্নত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহের কথা জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।