বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ধরনের ভোগান্তি, সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার থেকে একজন আহ্বায়ক, তিনজন সদস্য ও একজন সদস্য সচিবের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এই বিশেষ কমিটির দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসীদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত এই সেল আজ থেকেই তাদের কার্যক্রম মাঠপর্যায়ে শুরু করেছে।
মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিব এই কমিটির প্রধান বা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিবকে। পুরো কমিটির কার্যক্রম সমন্বয়ের জন্য সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিবকে।
এই সেলের মূল কাজের ক্ষেত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে মন্ত্রীর অফিশিয়াল ই-মেইল minister@probashi.gov.bd এবং বিকল্প ই-মেইল minister.expat@gmail.com ঠিকানায় প্রবাসীদের পাঠানো সব অভিযোগ যাচাই করে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। একই সাথে প্রবাসীদের কাছ থেকে কী ধরনের অভিযোগ আসছে এবং সেগুলোর সমাধানে কী পদক্ষেপ নেওয়া হলো, তার নিয়মিত বিবরণী মন্ত্রী ও সচিবের কাছে পেশ করতে হবে। কাজের সুবিধার্থে কমিটি চাইলে যেকোনো সময় অতিরিক্ত সদস্য যুক্ত করার ক্ষমতাও এই সেলকে দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই বিশেষ সেল সক্রিয় হওয়ার ফলে প্রবাসীদের যেকোনো সংকট খুব অল্প সময়ে দূর করা সম্ভব হবে এবং সামগ্রিক সেবার মান আরও গতিশীল হবে।