বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

দেশের রপ্তানি খাতের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) আরও গতিশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহীত

দেশের রপ্তানি খাতের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) আরও গতিশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

সাক্ষাৎকার চলাকালীন বেপজা প্রধান সংস্থার বর্তমান কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বৈঠকে দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান তৈরির নানা দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেপজার গুরুত্ব তুলে ধরে বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আমলাতান্ত্রিক বা পদ্ধতিগত জটিলতা থাকলে তা দ্রুত নিরসনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

জবাবে মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসার এবং বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনার সাম্প্রতিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বেপজা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি ও শিল্পায়নে বেপজার দীর্ঘদিনের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থাটির কার্যক্রমকে এখন বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।