পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট ছয়জন ক্রু সদস্য বিমানে ছিলেন বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের তথ্য অনুযায়ী, এটি কোনো শত্রু হামলা বা প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটেনি; বরং এটি একটি গুরুতর দুর্ঘটনা।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, “বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং “বিমানের ক্ষতি শত্রুপক্ষের গুলির কারণে হয়নি।”
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টকম জানায়, কেসি-১৩৫ মডেলের জ্বালানিবাহী বিমানটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। একই সময়ে কাছাকাছি থাকা আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়।