চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানকালে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের ধারণা, এসব মদের বোতল বিদেশি জাহাজ থেকে সংগ্রহ করে চক্রটি শহরে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে পতেঙ্গার আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, “অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।” তিনি আরও জানান, জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।