রাজবাড়ী জেলা শহরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ঝর্ণা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের মেয়ে ও জামাতার সঙ্গে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরি কাজে এসেছিলেন ওই নারী। সেখানে তাদের বসিয়ে রেখে নাস্তা করার উদ্দেশ্যে রিকশাযোগে রেলগেট সংলগ্ন সালমা হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রিকশাটি পান্না চত্বর এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত তার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ায় শ্বাসরোধে তার প্রাণহানি ঘটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।