রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোড সংলগ্ন মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তিন বছরের শিশু কন্যা রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), এনায়েতের স্ত্রী দেলেরা (২৮), ১০ বছরের ছেলে জুনায়েদ, ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং স্বজন রুবেল (৩৫)।
তুরাগ থানার ডিউটি অফিসার জানান, ভোরে দ্বিতীয় তলার ওই বাসটিতে হঠাৎ বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিতে তদন্ত চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তুরাগের ঘটনায় দগ্ধ ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।