সংবিধান সংস্কার ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক ঐক্য না থাকলে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। তিনি মন্তব্য করেন, “অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশের বিষয়ে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।”
এ সময় চলমান ১১ দলের বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান নাহিদ ইসলাম। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।”