বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রাঙামাটিতে জিপ উল্টে একজনের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে একটি হলুদবোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. সালাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রাঙামাটিতে জিপ উল্টে একজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে একটি হলুদবোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. সালাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় বেল্লাল নামে আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেল্লাল একই এলাকার মো. কবির হোসেনের ছেলে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি এলাকা থেকে হলুদবোঝাই করে একটি জিপ নিচের দিকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেল্লালকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাহাড়ি ঢালু রাস্তায় যান্ত্রিক গোলযোগ বা নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।