বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলু (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যায় দুই আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মোহাম্মদ কাউছার উর জামান বাবলু (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বাবলুর বাবা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৩ নম্বর আসামি মো. শফি (৩৯) ও ৫ নম্বর আসামি মো. সুমন (৩৩)। তারা দুজনেই রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পূর্ব রাউজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল গভীর রাতে রাউজান পৌরসভার আলিখীল খামারটিলা এলাকায় বিএনও ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় বাবলুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আসামিরা তার পিঠের বাম পাশে গুলি করে হত্যা নিশ্চিত করে। এ সময় বাবলুর সঙ্গে থাকা পুলিন নামে এক ব্যক্তি কোনোমতে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গত শনিবার নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।