বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে আগামীকাল রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’। এবারের অনুশীলনে দুই দেশের ১৬০ জনের বেশি সেনাসদস্য অংশ নেবেন।
শনিবার বাংলাদেশে মার্কিন দূতাবাস পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মহড়ায় দুর্গম বনাঞ্চলে অভিযান (জঙ্গল অপারেশন), সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধকালীন জরুরি চিকিৎসাসেবা বা ‘ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার’-এর ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি এই অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী একে অপরের সামরিক সক্ষমতা ও রণকৌশল সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।
বাস্তবমুখী ও প্রতিকূল পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা এবং কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের ‘থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান’ এবং নিরাপত্তা সহযোগিতা লক্ষ্যের অংশ। এর মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক অভিযানের দক্ষতা উন্নয়ন, বাহিনীর প্রস্তুতি বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া প্রথম অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। বৈশ্বিক মহামারীর কারণে কিছু সময় বন্ধ থাকলেও, গত পাঁচ বছর ধরে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মহড়ায় তাত্ত্বিক ক্লাসরুম প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তব অনুশীলনও থাকবে। সবশেষে একটি যৌথ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মাধ্যমে ‘টাইগার লাইটনিং ২৬’-এর সমাপ্তি ঘটবে।