জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক এই স্পিকারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। ওই একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জন অভিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে টিপু মুনশি বর্তমানে কারাগারে আছেন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি এই পদে স্থলাভিষিক্ত হন। এরপর থেকে টানা চার মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছিলেন।