শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি

বাগেরহাটে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)কে হুমকিমূলক ফোন করার ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওর অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে বলা হয়, “এই ... কি করছস, সাদ্দামের লগে কী করছস।” এছাড়া বলা হয়, “তুই কি ওর পোলারে আইনে দিবি.... তুই অ্যারেস্ট করায় দিসছ... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে....”

আইনশৃঙ্খলাবাহিনীর সূত্র নিশ্চিত করেছে, ভিডিওর অডিও কথোপকথন সঠিক। একই সঙ্গে ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে এটি ছড়িয়ে পড়ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি কয়েকটি ফোন কল পেয়েছি। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এ বিষয়ে আমি মোটেও বিচলিত নই। প্রশাসন তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। সম্ভবত কিছু বট নম্বর থেকে এসব করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”