রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের আড়াই মাস পর আজ শনিবার প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টায় তিনি বিমানের একটি বিশেষ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে যাত্রা করে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পবিত্র মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারতের সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গত ২২ জানুয়ারি দলীয় প্রধান হিসেবে সিলেটে নির্বাচনী জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার সিলেটে প্রথম আনুষ্ঠানিক সফর। তার এই আগমনকে ঘিরে পুরো বিভাগজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
দিনব্যাপী এই সফরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর নগর ভবনের সম্মুখে আয়োজিত এক সুধী সমাবেশে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ‘বাসিয়া খাল’ খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন।
সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন সরকার প্রধান। পরবর্তীতে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্থানীয় বিএনপির একটি সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে। যাবতীয় কর্মসূচি সম্পন্ন করে আজ সন্ধ্যা ৭টায় তার আকাশপথে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তনের সময়সূচি নির্ধারিত হয়েছে।