শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শাকিরা নোরাসহ বিশ্বকাপ মাতাবেন যারা

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়; সংগীত, বিনোদন আর তারকাদের উপস্থিতিও এই মহাযজ্ঞকে দেয় আলাদা মাত্রা। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের পর্দা উন্মোচন।

শাকিরা নোরাসহ বিশ্বকাপ মাতাবেন যারা

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়; সংগীত, বিনোদন আর তারকাদের উপস্থিতিও এই মহাযজ্ঞকে দেয় আলাদা মাত্রা। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের পর্দা উন্মোচন।

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এই উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। আয়োজকদের ঘোষণায় জানা গেছে, উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে তিনি পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল গান ‘দাই দাই’।

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে বিশ্বকাপের বিনোদন আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না।

উদ্বোধনের পরদিন, অর্থাৎ ১২ জুন, কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মঞ্চে উঠবেন বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ নোরা ফাতেহি। তার সঙ্গে থাকবেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট।

একই দিনে যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং জনপ্রিয় র‌্যাপ শিল্পী ফিউচার, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

এদিকে মেক্সিকোর মূল উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয়ের পাশাপাশি আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অংশ নেবেন। তালিকায় রয়েছেন আলেহান্দ্রো ফের্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জিলেস আজুলেস, মানা এবং টাইলার। এক মঞ্চে এত তারকার সমাবেশ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

চমক অবশ্য শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই শেষ হচ্ছে না। ফিফা টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানকেও একইভাবে জাঁকজমকপূর্ণ করে তোলার পরিকল্পনা করেছে। ফাইনালের পর আয়োজিত সমাপনী মঞ্চেও পারফর্ম করবেন শাকিরা। সেখানে তার সঙ্গে থাকবেন কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।

সব মিলিয়ে, এবারের বিশ্বকাপে মাঠের ফুটবল আর বিশ্বসংগীতের তারকাদের মেলবন্ধন উপভোগ করতে মুখিয়ে আছেন বিশ্বের কোটি কোটি দর্শক।