বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অপবাদ দিয়ে গ্রাম্য সালিশি বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।

সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অপবাদ দিয়ে গ্রাম্য সালিশি বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।

নিহত ওই যুবকের নাম মো. নুরুল আবছার (৪০)। একই ঘটনায় আহত হয়েছেন মো. রাসেল নামের অপর এক বাসিন্দা। তারা দুজনেই স্থানীয় খন্দকার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৫টার দিকে নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে একটি সালিশ ডাকা হয়। বৈঠক চলাকালে উত্তেজিত জনতা তাদের চোর হিসেবে অভিযুক্ত করে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর শুরু করে। গণপিটুনির একপর্যায়ে দুজনই নিস্তেজ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।