মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধর ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলেছেন তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ।
মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, শুটিং চলাকালীন তিশা তাকে সজোরে চড় মারেন এবং খামচি দিয়ে রক্তাক্ত করেন। তবে এই অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা জানিয়েছেন, যা কিছু ঘটেছে তা কেবল চরিত্রের প্রয়োজনে এবং পেশাদারত্বের খাতিরে।
ঘটনা প্রসঙ্গে তানজিন তিশা গণমাধ্যমকে জানান, নাটকে তিনি একজন ‘স্পেশাল চাইল্ড’ বা অটিস্টিক ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন। চিত্রনাট্য অনুযায়ী ওই চরিত্রটি আক্রমণাত্মক হতে পারে, কাউকে মারধর বা কামড়ে দিতে পারে। তিশার দাবি, তিনি যা করেছেন তা পুরোপুরি স্ক্রিপ্ট অনুযায়ী এবং পেশাদারত্বের সঙ্গেই করেছেন। অথৈ বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে উপস্থাপন করে ভুল করছেন এবং লাইভে এসে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন বলে তিশা অভিযোগ করেন।
অন্যদিকে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দৃশ্যটিতে তিশার পক্ষ থেকে অথৈকে চড় ও খামচি দেওয়ার কথা ছিল। তবে তিনি স্বীকার করেন যে, চড়টি প্রত্যাশার চেয়ে অনেক বেশি জোরে লেগেছিল, যা অনাকাঙ্ক্ষিত। সেটে শহীদুজ্জামান সেলিম ও মোমেনা চৌধুরীর মতো জ্যেষ্ঠ শিল্পীরা উপস্থিত ছিলেন এবং তারা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অথৈ শুটিং ছেড়ে চলে যান। পরিচালক আরও জানান, দুই অভিনেত্রীর মধ্যে আগে থেকে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
পুরো বিষয়টি নিয়ে বর্তমানে বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তানজিন তিশা এই ঘটনাকে অথৈর ‘ব্যক্তিগত দুর্বলতা’ ও ‘উদ্দেশ্যমূলক আক্রমণ’ হিসেবে দেখছেন, অন্যদিকে অথৈ এই আঘাতকে অপেশাদার আচরণ হিসেবে অভিহিত করেছেন।