দায়িত্ব গ্রহণের পরদিনই দেশের শীর্ষ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শুরু হওয়া এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা অংশ নেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান উপস্থিত শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় দৈনিকগুলোর সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ অভিজ্ঞ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন।
এরপর শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি আজ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময়ে অংশ নিলেন।