শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড

বিগত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের তুমুল চর্চার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এই আলোচনা ও সমালোচনার আবহেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড
ছবি : সংগৃহীত

বিগত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নেটিজেনদের তুমুল চর্চার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এই আলোচনা ও সমালোচনার আবহেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শাওনের ফেসবুক আইডিটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে ইন্টারনেট দুনিয়ায় নানা ধরনের গুঞ্জন ও সমীকরণ তৈরি হলেও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা লেখিকা তামান্না সেতু সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, বিপুল পরিমাণ নেতিবাচক রিপোর্টের কবলে পড়ায় ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে শাওনের অ্যাকাউন্টটি স্থগিত বা সাসপেন্ড করেছে।

তামান্না সেতু তাঁর পোস্টে পরিষ্কার করে বলেন, প্রচুর সংবাদের বা রিপোর্টের জেরে ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যে নির্দিষ্ট পোস্টটি নিয়ে এত শোরগোল তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে থেকে মুছে ফেলেননি। পুরো বিষয়টি মেহের আফরোজ শাওন নিজেই তাকে নিশ্চিত করেছেন বলে দাবি করেন তামান্না।

অবশ্য উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কোনো প্রত্যক্ষ মন্তব্য এখনো পাওয়া যায়নি। উপরন্তু ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকেও আইডিটি স্থগিত করার বিষয়ে অফিশিয়াল কোনো বিবৃতি মেলেনি। ফলে আইডিটি ঠিক কী কারণে প্রদর্শিত হচ্ছে না, তা নিয়ে এখনো এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। এখন পর্যন্ত কেবল তামান্না সেতুর বক্তব্যটিই এই ঘটনার একমাত্র সূত্র হিসেবে সামনে এসেছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সম্প্রতি শাহবাগ থানায় শাওনসহ মোট ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে রাষ্ট্র সংলাপ ফোরাম। ওই অভিযোগে দাবি করা হয়, আন্দোলনসংশ্লিষ্ট সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা চালিয়েছেন অভিযুক্তরা।