আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযানে ১৪টি এয়ারগানসহ বিপুল পরিমাণ গুলি ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রিভারাইন বিজিবির অধীন শ্যামনগর উপজেলার কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল গোলাখালি নদীর তীরবর্তী একটি চিংড়ির ঘেরের পাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার এবং ২২টি এলকে রেঞ্জ। এসবের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র অবৈধভাবে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার করার প্রস্তুতি চলছিল। অভিযানের স্থানটি কৈখালী বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে অবস্থিত।
অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও যন্ত্রাংশ বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
এ বিষয়ে নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, “নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতা ঠেকাতে সীমান্তে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।” একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।