ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণসংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা–১ ও পাবনা–২ আসনের সব ধরনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার ইসি জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’
এর আগে গত সোমবার আপিল বিভাগ নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সেই অংশ স্থগিত করেন, যেখানে পাবনা–১ ও পাবনা–২ আসনের আগের সীমানা পুনর্বহালের কথা বলা হয়েছিল। এই স্থগিতাদেশ লিভ টু আপিল দায়ের করা পর্যন্ত কার্যকর থাকবে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী, সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা–১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা–২ আসন নির্ধারণ করা হয়।
এই দুই আসনের সীমানা নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিষয়টি আদালতের বিবেচনায় আসে।