চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যা মামলায় প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বাবু শেখ; তাকে এই হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইরা।
পুলিশ জানায়, ইরার বাড়ি কুমিরা এলাকায়। যে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, এত দূর শিশুটি একা যেতে পারেনি; সম্ভবত কেউ তাকে ফুসলিয়ে সেখানে নিয়ে গেছে।
উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলায় চাপ দিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।