শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজ ঘরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। মৃত সোহাগি ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, সোহাগি আত্মহত্যা করেছেন। তবে বিয়ের অল্প দিনের মাথায় কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, মাত্র তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে। খবর পাওয়ার পর তিনি বিভিন্ন মাধ্যমে প্রকৃত কারণ জানার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
নিহতের বাবা সুন্দর আলী জানান, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দেওয়ার পর তারা জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। সোহাগিও আগে ঢাকায় থাকলেও বিয়ের পর গ্রামেই থাকতেন। গতকাল রাতেও মেয়ে ও জামাইয়ের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি আরও জানান, কয়েক দিন আগে সোহাগি তার শাশুড়ির কাছ থেকে আলাদা হয়ে পৃথক সংসার শুরু করেছিলেন। জামাই ভালো মানুষ হওয়া সত্ত্বেও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে তিনি স্তম্ভিত। মেয়ের বাবার পরিবার ঢাকা থেকে নালিতাবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাসার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামীকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানিয়েছেন, মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নববধূর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।