ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে শেরপুরে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারতের পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এরপর শেরপুর পৌরপার্কে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।
এ উপলক্ষে জেলার ৫২টি ইউনিয়ন থেকে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বলেও জানান তিনি।
এদিকে জনসভাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাবও দায়িত্ব পালন করছে। পাশাপাশি শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।