মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত রবিবার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার তাঁর ধারণকৃত এই ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। নিজের উদ্বোধনী ভাষণে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব।’

শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মোজতবা খামেনি
ছবিঃ সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। গত রবিবার দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার তাঁর ধারণকৃত এই ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। নিজের উদ্বোধনী ভাষণে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব।’

মোজতবা খামেনি তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তিনি স্পষ্ট করে বলেন, এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো দ্রুত গুটিয়ে নিতে হবে; অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। তিনি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী এবং তাদের একমাত্র লক্ষ্যবস্তু হলো মার্কিন সামরিক সম্পদ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত রাখারও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এই অঞ্চলের কয়েকটি দেশ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেও তেহরান দাবি করেছে যে, তারা সুনির্দিষ্টভাবে কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু বানিয়েছিল। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা দেন যে, শত্রুদের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।

ভাষণে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মোজতবা খামেনি। তিনি বলেন, দেশের যোদ্ধারা এই কঠিন সময়ে অসাধারণ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিচ্ছেন। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থনের কথা উল্লেখ করে তিনি জানান, তারাও ইরানের পাশে থেকে নিজস্ব দায়িত্ব পালন করবে।

দেশবাসীর কল্যাণে কিছু জরুরি ঘোষণাও দেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি জানান, চলমান যুদ্ধে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি চিকিৎসা সেবা প্রদান করা হবে। একই সাথে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে যারা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করা হবে।