নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ভয়াবহ দুর্যোগের খবর ও নেপালের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ নিয়মিত পর্যবেক্ষণ করছে।
দুর্যোগে বহু মানুষ নিখোঁজ থাকায় এবং পর্যটকসহ অনেকের প্রাণহানির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে নেপালের প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সরকার।